জামালপুরে পুলিশের চেকপোস্টে থামার নির্দেশ অমান্য করার সময় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-শেরপুর ব্রিজের দক্ষিণ পাশে সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন- শেরপুর জেলা সদরের কেন্দুয়ার চর এলাকার দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের শিশু আবরার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ব্রিজের চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ শেরপুরগামী একটি ট্রাককে থামানোর ইশারা করলে মোটরসাইকেলটি পেছনে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় অপর দিক থেকে আসা অন্য একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ। বেঁচে যায় শিশু আবরার, যাকে দ্রুত স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর পুলিশ সদস্যদের ওপর হামলা করে বসে স্থানীয়রা। আর মরদেহ দুটিকে নিয়ে বিচারের দাবিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রাখেন।
এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যাই। তবে স্থানীয়দের বিক্ষোভে তা করা সম্ভব হয়নি। আমরা এখনো ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, চেকপোস্টে পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন এবং দুর্ঘটনার সময় সঠিক প্রটোকল অনুসরণ করা হচ্ছিল। ঘটনার সব দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।